নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, ততই দেশের ভেতরে একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে ভীতিকর পরিস্থিতি তৈরি করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেন, জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে এসব চক্র সহিংসতার পথ বেছে নিচ্ছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় খুলনার গোয়ালখালী জামিয়া রশিদীয়া মাদ্রাসা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই খুনি ও ষড়যন্ত্রকারী চক্রের বিরুদ্ধে নজরদারি জোরদার করতে হবে। সাম্প্রতিক সহিংস ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, “সৈরাচার শেখ হাসিনার সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য ও দলীয় অস্ত্রধারীরা এখনো ঘাপটি মেরে বসে আছে। জুলাই যুদ্ধের অগ্র সৈনিক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যাকারীরা কীভাবে পালিয়ে যায়—তা আজও অজানা। এটি জুলাই বিপ্লবীদের স্তব্ধ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র।”
পীর সাহেব বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে যে বৈষম্যহীন সমাজ ও নতুন রাষ্ট্রকাঠামো গঠনের পথ তৈরি হয়েছে, সেই পথ রুদ্ধ করতেই একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। লুট হওয়া অর্থ ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা নেই বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। কোনো কোনো নেতা বিশেষ সুবিধা ও ভিআইপি প্রটোকল পাচ্ছেন। বিভ্রান্তিকর জরিপের মাধ্যমে জনমতকে একটি নির্দিষ্ট দিকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, “আমরাও শোকাহত। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বাড়াবাড়ি লক্ষ করা যাচ্ছে। প্রশাসন একটি বিশেষ দিকে ঝুঁকে পড়ছে, যা একপক্ষীয় নির্বাচনের ঝুঁকি তৈরি করছে।”
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। সভা পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল এবং খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।
এছাড়া সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, শ্রমিক, যুব ও ছাত্র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন- জামালপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় পরীক্ষার্থীকে ৫ দিনের কারাদণ্ড!
দেখুন- হাদি হ\ত্যা\র বিচারের দাবিতে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ


