জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের দপ্তরের ব্যক্তিগত সহকারী (পিএ) পরিচয়ে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করেছে এনবিআর। ইতোমধ্যে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর প্রতারক চক্র এনবিআর চেয়ারম্যানের নম্বর হ্যাক করে বিভিন্ন মানুষের কাছে অর্থ চেয়েছে বলেও অভিযোগ রয়েছে।
গতকাল রোববার এক সংবাদ বিবৃতিতে এনবিআর বলেছে, প্রতারকরা এনবিআর চেয়ারম্যানের দপ্তরের ব্যক্তিগত সহকারী মো. কাউসারের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করছে, যা এনবিআরের নজরে এসেছে। প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। এ ধরনের কোনো কর্মকাণ্ডে মো. কাউসারের কোনো সংযোগ নেই। বিষয়টি প্রকাশ্যে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে গত ২৪ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় একটি জিডি করা হয়েছে, যার নম্বর ২০৩০।
বিবৃতিতে বলা হয়, প্রতারক চক্রটি সম্পূর্ণ ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ফোন দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। এ ধরনের কল বা দাবি পেলে কেউ যেন বিভ্রান্ত না হন। দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। এ বিষয়ে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
পড়ুন: এক বছরে বাজার মূলধন কমেছে ২১ হাজার কোটি টাকা
দেখুন: মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা এখন চীনের হাতে! |
ইম/


