আগামী এপ্রিল মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মনির হোসেন চৌধুরী বলেন, ২০২৫ সালের এপ্রিল মাসে যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হয়েছিল, চলতি বছরের এপ্রিলেও একই পরিমাণ সরবরাহ নিশ্চিত করা হবে। “সে হিসেবে এপ্রিলেও কোনো জ্বালানি সংকট হবে না,”—যোগ করেন তিনি।
তিনি আরও জানান, দেশে বর্তমানে ডিজেলের কোনো সংকট নেই এবং সীমান্ত এলাকায় ডিজেল পাচার রোধে কড়া নজরদারি জোরদার করা হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া ৭ হাজার ৯৪০ টন অকটেন, ১১ হাজার ৪৩১ টন পেট্রোল এবং ৪৪ হাজার ৬০৯ টন জেট ফুয়েল মজুত আছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জ্বালানি বিক্রয় ব্যবস্থাপনা আধুনিক করতে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে, যা এক সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হতে পারে।
এছাড়া জ্বালানি তেলের দাম বিষয়ে আজ সন্ধ্যার মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
পড়ুন: জুনে থেকে শুরু হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, দেওয়া হবে ২ কোটি শিশুকে
আর/


