যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে প্যাম বন্ডিকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, বন্ডিকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরিয়ে দেয়ার কথা ভাবছেন প্রেসিডেন্ট।
ট্রাম্প জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ সাময়িকভাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে লিখেছেন, ‘প্যাম বন্ডি একজন মহান দেশপ্রেমিক এবং আমার বিশ্বস্ত বন্ধু। তিনি গত এক বছরে নিষ্ঠার সঙ্গে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।’ ট্রাম্পের নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল বন্ডি।
সম্প্রতি দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত তদন্ত নথি ব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েন বন্ডি। তবে ট্রাম্প তাকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরিয়ে দেয়ার পেছনে নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেননি।
বরং প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমরা প্যামকে ভালোবাসি’। শিগগিরই বেসরকারি খাতে ‘একটি গুরুত্বপূর্ণ পদে’ যোগ দেবেন তিনি।
যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম জানিয়েছে, বন্ডির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিন।
এর আগে গত ৫ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদ থেকে ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেন ট্রাম্প।
সূত্র: আল জাজিরা
পড়ুন : যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহবান


