ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন মার্কিন সিনেটর ও বামপন্থী রাজনীতিক বার্নি স্যান্ডার্স। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানও কঠোরভাবে নিন্দা করেছেন।
গতকাল বুধবার (১৮ জুন) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স বলেন, ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, এবং যুক্তরাষ্ট্রকে সেই সংঘাতে জড়ানো উচিত নয়।
তিনি আরও বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন, কাজেই তিনি আমাদের বিদেশনীতি বা সামরিক নীতি ঠিক করতে পারেন না। ইসরায়েলিরা যদি যুদ্ধ চায়, সেটি তাদের বিষয়—সেই যুদ্ধ তাদের নিজেদের। যুক্তরাষ্ট্রকে এতে কোনোভাবে জড়ানো চলবে না।
এর আগে, বার্নি স্যান্ডার্স ও ডেমোক্র্যাটিক সিনেটর টিম কেইন একযোগে যুদ্ধ বিরোধী কার্যক্রম শুরু করেন, যার লক্ষ্য ছিল ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কমানো।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য থমাস ম্যাসিও একইরকম অবস্থান নিয়েছেন। ১৭ জুন তিনি ‘এক্স’-এ এক পোস্টে জানান, তিনি দ্বিপক্ষীয় যুদ্ধ ক্ষমতা রেজোলিউশন প্রস্তাবনা সমর্থন করবেন এবং যুক্তরাষ্ট্রকে এই সংঘাত থেকে বিরত রাখার উদ্যোগ নেবেন।
থমাস লেখেন, এটি আমাদের যুদ্ধ নয়। কিন্তু তেমনটা হলে আমাদের সংবিধান অনুযায়ী কংগ্রেসকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
এনএ/


