বিজ্ঞাপন

এশিয়ান গেমস হকি বাছাইয়ে শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ

চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের রেশ কাটতে না কাটতেই ধাক্কা খেল বাংলাদেশ হকি দল। থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান গেমস হকি বাছাইপর্বে শুক্রবার (৩ এপ্রিল) শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ এপ্রিল প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জই এখন সবচেয়ে বড়।

একসময় যে শ্রীলঙ্কাকে অনায়াসেই হারিয়েছে বাংলাদেশ, সেই প্রতিপক্ষের বিপক্ষেই এবার হোঁচট খেল লাল-সবুজরা। আগের পাঁচ দেখায় সবকটিতেই জয় ছিল বাংলাদেশের। কিন্তু ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল। ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখায় শ্রীলঙ্কা। ধারাবাহিক আক্রমণের চাপ সামলাতে হিমশিম খেতে থাকে বাংলাদেশ, যার ফল আসে ১৬ মিনিটে। কুশল উইরাপ্পুলির গোলে আবারও এগিয়ে যায় লঙ্কানরা।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় বাংলাদেশ। ৩১ থেকে ৩৬ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি কর্নার পাওয়া সত্ত্বেও গোল করতে পারেনি লাল-সবুজরা।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। কিন্তু উল্টো তৃতীয় গোল হজম করে বসে তারা। এই কোয়ার্টারে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম।

‎বাছাইয়ে নয় দলের মধ্যে শীর্ষ ছয় দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতা শেষ হবে ১০ এপ্রিল। এ বছরের সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

‎এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই তাদের সর্বোচ্চ সাফল্য।

বিজ্ঞাপন

পড়ুন : ২ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ মাঠ ছাড়ল হার নিয়ে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন