সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্র সচিবসহ মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের জন্য ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সম্প্রতি মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় আসন্ন পাবলিক পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অনুসরণের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।
মাউশির নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। অচল ক্যামেরাগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে। ধারণকৃত ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
এছাড়া, কোনো পরীক্ষার্থী যাতে কোনোভাবেই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষকের মাধ্যমে তল্লাশি নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি পরীক্ষাকক্ষে কাটাওয়ালা ঘড়ি টাঙানো, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
এতে উল্লেখ করা হয়, কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষার হলে অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করতে বলা হয়েছে।
এছাড়া পরীক্ষার হলের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে রাখার কথাও বলা হয়েছে।
পড়ুন: শিশুদের মধ্যে হঠাৎ হামের প্রকোপ কেন বাড়ছে, কী করণীয়?
আর/


