জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরের মেলান্দহে পালিত হলো ঐতিহাসিক পাক হানাদারমুক্ত দিবস।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর বিকেলে আলম কোম্পানির টুআইসি (পরবর্তীতে সেঙ্গাপাড়া কোম্পানি) কমান্ডার আব্দুল করিম মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল মাঠে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলান্দহকে শত্রুমুক্ত ঘোষণা করেন। মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের প্রয়াত কমান্ডার আলহাজ এসএম আব্দুল মান্নানের উদ্যোগে ২০১০ সালে প্রথম আনুষ্ঠানিকভাবে এই দিনটি পালিত হয়। এরপর থেকে মেলান্দহবাসী প্রতিবছর গৌরবের এ দিনটি শ্রদ্ধাভরে পালন করে আসছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান। একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাওলানা মো. ক্বারী আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান হাবিব।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মজনু মিয়া, আব্দুল হান্নান, গোলাম মোস্তফাসহ উপস্থিত অন্যান্য মুক্তিযোদ্ধারা।
ইউএনও জিন্নাতুল আরা বলেন, “মেলান্দহ হানাদারমুক্ত দিবসের এই গৌরবময় দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগে মেলান্দহ শত্রুমুক্ত হয়েছিল। স্বাধীনতার সঠিক চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হলে দেশপ্রেম, সততা ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।” তিনি মেলান্দহের উন্নয়ন, শিক্ষা বিস্তার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাওলানা মো. ক্বারী আব্দুল হামিদ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পড়ুন- দেশের মানুষ পছন্দের সরকার নির্বাচিত করতে চান: নজরুল ইসলাম আজাদ
দেখুন- ইউরোপের অন্ধকার যুগকে ফিরিয়ে আনতে চায় জামায়াত: রিজভী |


