নাজনীন নীহা। অভিনেত্রী ও মডেল। ফের সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের ‘শুধু তোমাকে ছাড়া’ গানের মডেল হতে যাচ্ছেন তিনি। নতুন এ গান ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন
নাটকেই বেশি ব্যস্ত ছিলেন, হঠাৎ মিউজিক ভিডিওর কাজে আগ্রহী হলেন কেন?
মিডিয়াতে আসার আগে থেকেই ইমরান [ইমরান মাহমুদুল] আমার ভালো বন্ধু। সে তো ভালো গান গায়। সংগীত পরিচালক হিসেবেও সুনাম রয়েছে। অনেক আগেই তাকে কথা দিয়েছিলাম তার মিউজিক ভিডিওতে কাজ করব। সেই জায়গা থেকে প্রথমে ‘জানে মন’ গানের মডেল হয়েছিলাম। গানটি সবাই বেশ গ্রহণ করেছে। সম্প্রতি সে ‘শুধু তোমাকে ছাড়া’ গানটির মডেল হওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়। আমি হ্যাঁ বলেছি। তবে এটা আদৌ আমরা করতে পারব কিনা জানি না। শুটিংয়ের একটি ডেট নিয়ে এরই মধ্যে কথা হয়েছে। ওই সময়টা আমার টানা শুটিং আছে। দেখা গেল আমি একটু ফ্রি আছি, তখন ইমরানের হাতে সময় নেই। গানটি আমার পছন্দ হয়েছে। যদি সময় বের করতে পারি, তাহলে অবশ্যই করব।
নাটকের কাজ কমিয়ে দিয়েছেন মনে হয়…
এই সময়ে আমি একটু কম কাজ করছি। লেখাপড়ায় সময় দিচ্ছি। পরিবারের সঙ্গেও সময় পার করছি। একটু খেয়াল করে দেখবেন শুরু থেকেই আমি কম কাজ করি। আসলে আমার টানা কাজ করতে ভালো লাগে না। কাজের জন্য প্রস্তুতির এতটা ব্যাপার থাকে। কস্টিউম থেকে শুরু করে চরিত্রে ঢোকা এবং গল্পটি নিজের মধ্যে ধারণ করার জন্য সময়ের দরকার। এসব কাজে একটু সময় নেওয়া উচিত বলে মনে করি। আমি যত কম কাজ করব, আমার প্রতি অডিয়েন্সের আকর্ষণ তত বেশি থাকবে। অভিনয়ে এখনও ওভাবে পরিপক্ব হয়ে উঠি নাই, তাই অনেক বেশি কাজ করলেই হবে না, যত কম কাজ করব আর যে কাজটাই করব, একটু টাইম নিয়ে করব। এতে শিখতে পারব। এটিই আমার জন্য ভালো। এ কারণে আমার কাজের প্রতি দর্শকের প্রত্যাশা বেড়েছে। নিজের জানের ওপর চাপ দিয়ে যে আমি একটা নাটক শেষ করলাম আবার কালকে থেকে আরেকটা কাজ শুরু করলাম, এটাতে আমি তো নিজেও টায়ার্ড থাকি, যা এটা স্ক্রিনেও বোঝা যায়। এই মাসে একটু কম কাজ করছি। একটু বিশ্রাম নিচ্ছি। আগামী মাসে শুটিংয়ে আমার ব্যস্ততা বাড়বে।
ওটিটিতে আপনি অভিনয় করেননি। কারণ কী?
ওটিটির জন্য অনেক প্রস্তাব এসেছে। কাজের করার মতো গল্প ও চরিত্র পাইনি। ওটিটির জন্য আমি এখনো পুরোপুরি প্রস্তুত নাই। সব কিছুর একটা সময় আছে। যখন পারব, তখনই করব। এখন আপাতত নাটকই আমার ভালোবাসার জায়গা। এখানেই থাকতে চাই।
আপনি কী জুটি প্রথায় বিশ্বাস করেন?
আমি সবার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে চাই। চাই না যে শুধু একজনের সঙ্গে জুটি থাকুক আর বাকিদের সঙ্গে কম কাজ থাকুক। এ কারণে প্রতিটি কাজেই সাড়া পাচ্ছি। জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান ভাইয়ের সঙ্গে করা কাজগুলো দর্শক গ্রহণ করেছে। সামনে আরও অনেকের সঙ্গে কাজ আসবে, ইনশাআল্লাহ। যখন যার সঙ্গে কাজ করব, সবাই যেন মনে করে এই জুটির কাজটি ভালো হয়েছে। একমুখী হয়ে কাজ করতে চাই না।
‘সহযাত্রী’ নাটকটিতে কেমন সাড়া পাচ্ছেন?
আমার মনে হয়, নাটকটি সবাই ইতিবাচকভাবে নিয়েছে। আমাদের বিবাহিত জীবনে অনেক সমস্যা থাকে, সেটাই নাটকে দেখানো হয়েছে। বেশির ভাগ মানুষ তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে নাটকটির মিল পেয়েছে। আর জোভান ভাইয়া ও আমার জুটিটা অনেকে পছন্দ করে। মুহম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো ছিল।
পড়ুন: জারিনের স্মরণ সভায় গিয়ে দুর্ঘটনার কবলে জিতেন্দ্র
দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে
ইম/


