বিজ্ঞাপন

ওসমান হাদি হত্যার দায় স্বীকার করে আদালতে রুবেলের জবানবন্দি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় তদন্তে নতুন অগ্রগতি এসেছে। মামলার এক আসামি রুবেল আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান গত শনিবার তার জবানবন্দি রেকর্ড করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, রিমান্ড শেষে রুবেল আহমেদকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় ঘটনার বিষয়ে বক্তব্য দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা জবানবন্দি রেকর্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত ২১ জানুয়ারি রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেল আহমেদকে গ্রেপ্তার করে সিআইডি। পরদিন আদালত প্রথম দফায় তাকে ছয় দিনের রিমান্ডে পাঠান। পরে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন শরিফ ওসমান হাদি। পথিমধ্যে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে বহনকারী অটোরিকশায় গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর ঘটনাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

তদন্ত শেষে গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রের কিছু বিষয়ে অসন্তোষ জানিয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নারাজির আবেদন করা হলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন এবং মামলাটির দায়িত্ব সিআইডিকে দেন। আগামী ২৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত রয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট বক্তব্য বিশ্লেষণ করে তদন্তকারীরা ধারণা করছেন, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যও তদন্তের আওতায় রয়েছে।

পড়ুন : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন