বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে সকাল ১০ টায় সুজন হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে গত ১ জানুয়ারি ট্রাইব্যুনাল তাকে হাজিরের নির্দেশ দিয়েছিলো। সেদিন প্রসিকিউশনের পক্ষে বি এম সুলতান মাহমুদ শুনানি করেন। প্রসিকিউশন বলছে ওই ঘটনায় বাকীদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
আগামী ২৩ ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করার তথ্য দিয়েছেন প্রসিকিউশনের এই আইনজীবী।

মামলার বরাতে প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, গত বছরের ৫ অগাস্ট বেলা ১১টায় রাজধানীর চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে কনস্টেবল সুজন হোসেনকে কখনও দাঁড়িয়ে বা কখনও শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গেছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।” এ ঘটনায় সুজনকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।
এনএ/


