জামালপুরের ইসলামপুরে সরকারি কর ফাঁকি রোধ এবং শক্তিশালী তামাক করনীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাখাওয়াৎ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান আনছারী,জারুলতলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রেজাউল করিম, যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান রুবেলসহ আরও অনেকেই।
বক্তারা বলেন, তামাকজাত পণ্যে সরকারি কর ফাঁকি দেওয়ার জন্য নানা অজুহাত ও ফাঁকফোকর ব্যবহার করা হয়, যা রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে তামাকের যত্রতত্র ব্যবহারে জনস্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। তারা তামাকের ক্ষতিকর দিক, স্বাস্থ্য ঝুঁকি এবং সমাজে এর নেতিবাচক প্রভাব তুলে ধরে কর ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে শক্তিশালী তামাক করনীতি প্রণয়ন এবং কর ফাঁকি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


