নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন এমন একটি বৃহৎ স্বয়ংক্রিয়করণ পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে, যার ফলে আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে পাঁচ লাখেরও বেশি নতুন কর্মী নিয়োগের প্রয়োজন পড়বে না।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অ্যামাজনের অভ্যন্তরীণ নথি ও কর্মীদের সাক্ষাৎকারের ভিত্তিতে জানা গেছে, সংস্থাটির রোবোটিক্স বিভাগ তাদের তিন-চতুর্থাংশ কার্যক্রম স্বয়ংক্রিয় করতে চায়।
এই উদ্যোগের ফলে ২০২৭ সালের আগ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার কর্মী নিয়োগ এড়ানো যাবে এবং ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে প্রায় ১২.৬ বিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে।
নথি অনুযায়ী, অ্যামাজন আশা করছে ২০৩৩ সাল পর্যন্ত তারা পণ্য বিক্রি দ্বিগুণ করতে পারবে, তবে কর্মী সংখ্যা একই হারে বাড়ানোর প্রয়োজন হবে না।
তবে অ্যামাজন বলছে, স্বয়ংক্রিয়করণ মানে চাকরি হারানো নয়—বরং এটি কর্মীদের একঘেয়ে কাজ থেকে মুক্ত করে রোবট রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো নতুন প্রযুক্তিগত পদের সৃষ্টি করবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জনমতের প্রতিক্রিয়া এড়াতে অ্যামাজন জনসম্মুখে “রোবট” বা “automation” শব্দের পরিবর্তে “advanced technology” বা “cobot” (cooperative robot) ব্যবহার করছে।
তবে অ্যামাজন এই প্রতিবেদনকে পুরোপুরি সমর্থন করেনি। সংস্থার মুখপাত্র কেলি ন্যান্টেল বলেছেন, এই নথিগুলো অসম্পূর্ণ এবং কোম্পানির সামগ্রিক নিয়োগ কৌশলকে সঠিকভাবে উপস্থাপন করে না।
তিনি জানান, অ্যামাজন আসন্ন ছুটির মৌসুমের জন্য ২,৫০,০০০ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। তবে কতজন স্থায়ীভাবে নিয়োগ পাবে, তা জানায়নি কোম্পানিটি।
উল্লেখযোগ্যভাবে, ২০১৮ সাল থেকে অ্যামাজনের মার্কিন কর্মী সংখ্যা ব্যাপকভাবে বেড়ে প্রায় ১২ লক্ষে পৌঁছেছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

