নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এর পিতা মরহুম মোস্তফা কামাল মনসুরের পঞ্চম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কবর জিয়ারত, দিবসটিকে স্মরণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় মরহুমের নিজ গ্রাম কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুরে ভাবগম্ভীর পরিবেশে এ কর্মসূচি পালিত হয়। এতে শোকাহত পরিবারের সদস্যসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন।
দোয়া মাহফিল ও দিবসটিকে স্মরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মরহুমের বড় ছেলে ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, মরহুমের ছোট ছেলে সারোয়ার কামাল, নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাড. নুরুজ্জামান নুরু, কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলাম, ডেপুটি স্পিকারের ব্যক্তিগত সহকারী মো. সাইফুল ইসলামসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মরহুম মোস্তফা কামাল মনসুর ছিলেন- একজন সৎ, নিষ্ঠাবান ও সংস্কৃতিমনা জনপ্রতিনিধি। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়াই ছিল তার জীবনের মূল লক্ষ্য। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার অসাধারণ জাদুকরী দক্ষতা ছিল তার। আদর্শ জনপ্রতিনিধি হিসেবে মরহুমের সততা, নীতি এবং মানবিক মূল্যবোধ বর্তমান ও আগামী প্রজন্মের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুকরণীয় হয়ে থাকবে।
জনদরদী মরহুম এই নেতা ১৯৪৪ সালের ১৩ অক্টোবর কলমাকান্দার চত্রংপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার হাফিজ উদ্দিন এবং মাতা আদর বানু। এক ভাই ও দুই বোনের মধ্যে মোস্তফা কামাল মনসুর ছিলেন সবার বড়। ব্যক্তিগত জীবনে মরহুমের সহধর্মিণী জুবাইদা কামাল ২০২২ সালে ইন্তেকাল করেন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মরহুম মোস্তফা কামাল মনসুর ও তার সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পড়ুন : কিশোরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হেলপার


