নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুল মান্নান তাকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও অপপ্রচারের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব অপপ্রচারকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আবদুল মান্নান তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, তাকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো নতুন কিছু নয় এবং তিনি একে রাজনীতিরই একটি অংশ হিসেবে দেখেন। তবে তার ঘনিষ্ঠ কিছু মানুষ এই গুজবে বিভ্রান্ত হওয়ায় তিনি বিষয়টি পরিষ্কার করা জরুরি মনে করেছেন।
তিনি বলেন, “আমার যখন কিছু বলার প্রয়োজন হয়, আমি সরাসরি বলি। গোপনে কিছু করার মানসিকতা আমার নেই। আমি অন্য কোনো দলে যোগদান করেছি—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
সম্প্রতি প্রখ্যাত আলেম আল্লামা জিয়া উদ্দিন (হাফিজাহুল্লাহ)-এর সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির জবাবে তিনি জানান, পরামর্শ গ্রহণ করাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আবদুল মান্নান বলেন, মানুষ হিসেবে ভুল হতে পারে এবং ভুল হলে তিনি তা স্বীকার করতে দ্বিধা করেন না। তবে এই নির্দিষ্ট ঘটনায় তিনি কোনো ভুল করেননি, তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ থেকে তিনি একচুলও সরে আসেননি এবং এ বিষয়ে কোনো আপস করবেন না। তিনি স্পষ্ট করে বলেন, “আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথেই আছি এবং থাকব- ইনশাআল্লাহ।”
বিবৃতির শেষাংশে তিনি মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সত্য ও ন্যায়-ইনসাফের পথেই দ্বীন প্রতিষ্ঠা সম্ভব। তিনি আল্লাহ তায়ালার সন্তুষ্টিকে মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পড়ুন : নেত্রকোনার দুর্গাপুরে সরকারি দপ্তরে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ


