রাঙামাটির কাপ্তাই হ্রদের মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের সময়ে চোরাই করে পাচারকালে ৩০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছসহ একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) ৩ রাতে জেলা শহরের উপকেন্দ্র মানিকছড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে হ্রদের মাছসহ যাত্রীবাহী বাস জব্দ করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
তবে মাছসহ যাত্রীবাহী বাস জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিএফডিসি। পরে রাতেই জব্দকৃত মাছ বিএফডিসি রাঙামাটি কার্যালয়ে নিলামে বিক্রয় করা হয়।
বিএফডিসি রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম বলেন, অবৈধ মাছের পাশাপাশি পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বাসটি জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয়েছে। বন্ধের সময় মাছ না ধরতে নিয়মিত অভিযানের পাশাপাশি জেলেদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদে প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতসহ সুষম বৃদ্ধির জন্য মাছ ধরা বন্ধ থাকে। এসময় হ্রদের মাছ বাজাতজাতকরণ বন্ধের পাশাপাশি স্থানীয় বরফকলগুলো বন্ধ থাকে।
পড়ুন: রাঙামাটিতে নির্মিত হচ্ছে নান্দনিক ‘লেকভিউ গার্ডেন’
এস/


