কারাগারে বন্দি অবস্থায় ‘চিকিৎসার অভাবে’ লাল প্লেং কিম বম নামের এক যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত করে বিচার, নিরীহ বম নারী-শিশুসহ সকলকে মুক্তি এবং থানচিতে চিংমা খিয়াংকে ‘ধর্ষণের পর’ হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯ মে) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রধান ফটকের সামনে ‘আদিবাসী শিক্ষার্থী পরিবারের’ ব্যানারে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঝগড়াবিল এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে রাবিপ্রবির শিক্ষার্থী পূর্ণ বিকাশ চাকমা, আলোনা তঞ্চঙ্গ্যা, সনেট চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তিদেবী চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অন্তর চাকমা প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, অপরাধীদের ধরতে প্রশাসন কচ্ছপ গতিতে চলে। বিচার না হওয়ার কারণে অপরাধীরা অপরাধ করার সাহস পায়। অথচ নিরীহ মানুষ বিনা অপরাধে জেলে বন্দি আছে। এসময় বক্তারা চট্টগ্রাম কারাগারে ‘চিকিৎসার অভাবে’ লাল প্লেং কিম বমের মৃত্যুর বিচার দাবি, নিরীহ বম নারী ও শিশুসহ সকলের মুক্তি এবং বান্দরবানে চিংমা খেয়াংকে ‘ধর্ষণের পর’ হত্যার বিচার দাবি জানান।
এনএ/


