জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে সাক্ষ্য দেবেন সাক্ষীরা। এদিন দুইজনের জবানবন্দি নেওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার তৃতীয় ও চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ মো. নাদিম মিজানের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা এবং প্রত্যক্ষদর্শী মো. ইয়াকুব। তারা জবানবন্দিতে গত বছরের ১৯ জুলাই রামপুরার বনশ্রী এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো নৃশংসতা ও নির্মমতার বিবরণ দেন। একই সঙ্গে ঘটনাটির সঙ্গে জড়িতদের বিচার দাবিও জানান তারা।
পরে পলাতক তিন আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত ডিফেন্স আইনজীবী আমির হোসেন এবং গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান তাদের জেরা করেন।
পড়ুন: পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫ এর খসড়া চূড়ান্ত
আর/


