দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ওরফে ফিদাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। গতকাল সোমবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
এর আগে কালাই পৌরশহরের পাঁচশিরা বাজারের বাসিন্দা কৃষক মোমিন ইসলামের খেত থেকে জোর করে শর্ষে কেটে নেওয়ার ঘটনায় যুবদল নেতা আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় যুবদলের নেতার বিরুদ্ধে থানায় মামলা করেন ওই কৃষক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতার কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এদিকে, জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ ও সদস্য সচিব মুক্তাদুল হক আদনানের দুজনের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পৃথকভাবে বহিষ্কারের বিজ্ঞপ্তিটি পোস্টও করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কৃষক মোমিন ইসলামের খেত থেকে জোর করে শর্ষে কেটে নেওয়ায় থানায় মামলা দায়ের পর যুবদলের নেতা আনোয়ার হোসেন করা হয়। এরপর আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


