২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে পরীক্ষা শুরু হয়, চলে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। ফলাফল আগামীকাল রোববার প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন।
শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম। আমরা রোববার ফলাফল দিতে চেষ্টা করছি। তবে এমবিবিএসের সঙ্গে বিডিএস পরীক্ষা একত্রে হওয়ায় একদিন দেরিও হতে পারে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, সারাদেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হারও সন্তোষজনক ছিল। আমি ভিকারুননিসা ও ঢাকা বিশ্ববিদ্যালয় দুটি কেন্দ্র পরিদর্শন করেছি। উপস্থিতি ভালো ছিল। অন্যান্য সময় গুজব ছড়ানোর ঘটনা দেখা যায়; এবার সেটিও হয়নি।
এবারই প্রথম পরীক্ষায় ১৫ মিনিট বাড়তি সময় দেওয়া হয়েছে। এর ব্যাখ্যায় সায়েদুর রহমান বলেন, প্রশ্নপত্রে বিশ্লেষণধর্মী ও মানবিক গুণাবলি যাচাইয়ের কিছু অংশ যুক্ত হওয়ায় চিন্তা ও পাঠে অতিরিক্ত সময়ের প্রয়োজন ছিল। ফল ঘোষণার সময়সীমা নিয়ে তিনি বলেন, সাধারণত ৭২ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। আমরা সে সময়সীমার মধ্যেই থাকতে চাই। এবার দুটি পরীক্ষা একসঙ্গে হওয়ায় কিছু অপারেশনাল পার্থক্য হতে পারে।
সায়েদুর রহমান জানান, মূল্যায়ন প্রক্রিয়া সাধারণত সন্ধ্যার পর শুরু হয় এবং প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর উত্তরপত্র মেশিনে যাচাই করা হয়। মেশিনগুলো আগের তুলনায় দ্রুত হলেও দিনক্ষণ নির্দিষ্ট করে বলা কঠিন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা মোট ৫ হাজার ৬৪৫টির মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ ও বিডিএস ৫৪৫। এ বছর এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় আবেদন করেছে ১ লাখ ২২ হাজার ৬৩২ শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে আবেদনকারী প্রায় ২২ জন।
পড়ুন: সিউলে সিলভার মেডেল জিতলো বাংলাদেশের ক্যালিব্রেটর-জেড
দেখুন: মেহেরপুরের এতিহ্যবাহী বাঁশ শিল্প এখন বিলুপ্তির পথে
ইম/


