জাপানের কিংবদন্তি অভিনেতা তাতসুয়া নাকাদাই মারা গেছেন। বিরানব্বই বছর বয়সী জনপ্রিয় এই অভিনেতা ‘রান’, ‘হারাকিরি’, এবং দ্য ‘হিউম্যান কন্ডিশন ট্রিলজি’র মতো বিশ্বখ্যাত সিনেমাতে অভিনয় করে চলচ্চিত্র ইতিহাসে নিজের নাম স্মরণীয় করেছেন। হলিউড রিপোর্টারের প্রতিবেদনে অভিনেতার মৃত্যুর বিষয়টি জানানো হলেও এখনও তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
১৯৩২ সালের ১৩ ডিসেম্বর টোকিওতে জন্ম নেয়া নাকাদাইয়ের আসল নাম ছিল মোতোহিসা নাকাদাই। থিয়েটারের মঞ্চ থেকে ক্যারিয়ার শুরু করে তিনি ধীরে ধীরে জাপানি সিনেমার এক অবিচ্ছেদ্য নাম হয়ে ওঠেন। বিশেষ করে সামুরাই ও ঐতিহাসিক ছবিতে তার অভিনয় আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা পায়।
অ্যাকিরা কুরোসাওয়া পরিচালিত ১৯৮৫ সালের ‘রান’ সিনেমায় লর্ড হিদেতোরা ইচিমোনজি চরিত্রে তার অভিনয় তাকে বিশ্বসিনেমায় নতুন উচ্চতায় নিয়ে যায়। মধ্যযুগীয় জাপানকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে একজন বয়স্ক যুদ্ধবাজের পতনের গল্প বলা হয় আর সেই চরিত্রে নাকাদাই ছিলেন অবিশ্বাস্য রূপে শক্তিশালী।
এর আগে তিনি মাসাকি কোবায়াশির মহাকাব্যিক ‘হিউম্যান কন্ডিশন ট্রিলজি’ ট্রিলজিতে অভিনয় করে তুমুল প্রশংসা কুড়ান। তিনটি সিনেমাতেই তিনি কাজি নামের এক আদর্শবাদী মানুষের চরিত্রে অভিনয় করেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দমবন্ধ করা বাস্তবতায় বাঁচার লড়াই চালান। কোবায়াশির সঙ্গে তার দীর্ঘ ক্যারিয়ারে মোট ১১টি সিনেমায় কাজ করেন তিনি।
কোবায়াশির আরেক মাস্টারপিস সিনেমা ‘হারিকিরি’তেও তার অনবদ্য অভিনয় স্মরণীয় হয়ে আছে। হানশিরো সুগুমো চরিত্রে তিনি দেখিয়েছিলেন এক সামুরাইয়ের বেদনা, প্রতিবাদ ও মর্যাদার লড়াই। ২০১৫ সালে তাকে সম্মান জানিয়ে জাপান সরকার প্রদান করে দেশের সর্বোচ্চ সাংস্কৃতিক পুরস্কার অর্ডার অব কালচার।
পড়ুন : ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জনে স্ত্রী বললেন, যা ঘটছে তা ক্ষমার অযোগ্য


