কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু ও পথচারীসহ অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজার ও পার্শ্ববর্তী সৈয়দগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ একটি পাগলা কুকুর পৌর সদর বাজারে ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়াতে শুরু করে। বাজারের পথচারী, দোকানি থেকে শুরু করে কেনাকাটা করতে আসা ক্রেতারাও কুকুরের আক্রমণের শিকার হন। বাজারের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন জীবন বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
পৌর বাজারে তাণ্ডব চালানোর পর কুকুরটি পার্শ্ববর্তী সৈয়দগাঁও এলাকায় গিয়েও বেশ কয়েকজনকে কামড়ে জখম করে। স্থানীয়দের দাবি, মাত্র অল্প সময়ের ব্যবধানে কুকুরটি অন্তত ৪০ জনকে কামড়িয়েছে।
আহতদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে একসঙ্গে এত বিপুল সংখ্যক রোগী আসায় ভ্যাকসিন সংকট,চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। তৎকালীন আশপাশে ফার্মেসি থেকে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুল ইসলাম, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, ভ্যাকসিন ব্যবস্থা করে দেন।
এই ঘটনার পর পুরো পাকুন্দিয়া পৌর শহর ও সৈয়দগাঁও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকেই ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। স্থানীয়রা দ্রুত এই পাগলা কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
পড়ুন : কিশোরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হেলপার


