কুড়িগ্রামের কচাকাটা এলাকায় ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোন শাহিদা খাতুনকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি মো. আবুল কালাম (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৩।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে রংপুর জেলার বদরগঞ্জ থানার স্টেশন রোড এলাকায় মো. আব্দুল মতিন আনছারীর বসতবাড়িতে অভিযান চালিয়ে মামলার পলাতক প্রধান আসামি আবুল কালামকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবুল কালাম ও তার সহযোগীরা ৫ হাজার টাকার বিনিময়ে ভিকটিম শাহিদা খাতুনের ছোট বোনকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। বিষয়টি শাহিদা খাতুন জানতে পেরে প্রতিবাদ করেন এবং গ্রাম্য সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে সালিশের দিন অভিযুক্তরা উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়।
এর জেরে গত ১৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহিদা খাতুন রান্নার জন্য চাল ধুতে বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে গেলে আগে থেকে ওত পেতে থাকা আবুল কালাম ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।
ঘটনার পর নিহতের বাবা মো. সাইফুর রহমান বাদী হয়ে কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০ এর ৩০২/১০৯/৩৪ ধারায় রুজু করা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিদের গ্রেফতারে র্যাব তৎপরতা জোরদার করে।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা চালায় র্যাব। হত্যা, ধর্ষণ, রাহাজানি ও মাদক চোরাকারবারিসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন- জনগণের পাশে থেকে আমরা সকল কাজ সম্পন্ন করবো-খোকন তালুকদার


