জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় হামদ-নাত, ইসলামি সংগীত, আবৃত্তি ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেননি, তাঁর রচনায় সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার যে সুরধ্বনি রয়েছে, তা যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করবে।
কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, কুমিল্লা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, সংগীতশিল্পী ইশতিয়াক আহম্মেদ পল্লব, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, নজরুল গবেষক পীযুষ কুমার ভট্টাচার্য্য, আমার বাংলাদেশ পার্টির কুমিল্লার আহবায়ক জি এম সামদানী, কুমিল্লা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া শাখার সভাপতি নজির আহমেদ এবং সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব।
বক্তারা বলেন, কবি নজরুল ছিলেন বিদ্রোহী কণ্ঠস্বর, তিনি একাধারে প্রেমের কবি, আবার শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামী কবি। তাঁর জীবন ও সাহিত্যকর্ম প্রজন্মকে ন্যায়, সাম্য ও ভালোবাসার পথে পরিচালিত করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন। ইসলামি সংগীত, হামদ-নাত পরিবেশনা ও কবিতা আবৃত্তি করেন ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা।
পড়ুন : http://কুমিল্লায় প্রয়াত সম্পাদক আলমগীর মহিউদ্দিন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল


