কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় বিষাক্ত মদ পানে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। নিহতরা হলেন—দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০) ও মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী (৩৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে স্পিরিট জাতীয় বিষাক্ত অ্যালকোহল (মদ) পান করার পর তপন ও পলাশ অসুস্থ হয়ে পড়েন। সকালে পরিবারের সদস্যরা তাদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তপনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে বিকেলে পুলিশ রামচন্দ্রপুর মহাশ্মশান থেকে পলাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ আসার আগেই তপনের লাশ দাহ করা হয়, ফলে তা উদ্ধার সম্ভব হয়নি।
ওসি মাহফুজুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, হোমিওপ্যাথি দোকানের স্পিরিট জাতীয় অ্যালকোহল পানের কারণে তাদের মৃত্যু হয়েছে। পলাশের লাশ উদ্ধার করা হয়েছে, তপনের লাশ দাহ হওয়ায় তা উদ্ধার করা যায়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পলাশের লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন : কুমিল্লায় আইনজীবী হত্যাকাণ্ডে সাবেক এমপি ও সাবেক মেয়রসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট


