কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই রিট খারিজের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং নিজের মনোনয়ন ফিরে পাওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। ঘটনার সূত্রপাত হয় মনোনয়ন বাছাইয়ের সময় থেকে। শুরুতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছিলেন। কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহর আপিল আবেদনে অভিযোগ করা হয়, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী একজন ঋণখেলাপি এবং তিনি এই তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ১৭ জানুয়ারি (শনিবার) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা পায় এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে মঞ্জুরুল মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।
নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন তিনি। তবে আজ উচ্চ আদালত রিট আবেদনটি খারিজ করে দেয়ায় ইসির সিদ্ধান্তই বহাল থাকল।
পড়ুন: বিএনপি জোট থেকে সরে এলো মান্না, করবেন এককভাবে নির্বাচন
আর/


