কুমিল্লা সদর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে ছয় হাজার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
আজ বুধবার (২৬ জুন) দুপুরে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
র্যাব জানায়, বৃহস্পতিবার ভোর রাতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার সৈয়দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ কাউসার আহমেদ (২৭) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করে। সে জেলার বরুড়া থানার বেগাত্তারপুর গ্রামের মৃত ওহিদুর রহমান এর ছেলে। এ সময় আসামীর হেফাজত হতে ছয় হাজার ২৮ টি ভারতীয় শাড়ি, ৩০ টি ভারতীয় লেহেঙ্গা ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মোঃ কাউসার আহমেদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে শাড়িসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এনএ/


