কুমিল্লার লালমাই উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই স্মার্টফোন বহনের অভিযোগে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা লালমাই সরকারি কলেজের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের অধীনে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও এক ঘণ্টা পর ভেন্যু কেন্দ্র পরিদর্শনে যান লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা। এ সময় তিনি তিন পরীক্ষার্থীর কাছে স্মার্টফোন দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে তাদের বহিষ্কারের নির্দেশ দেন।
কেন্দ্র সচিব অধ্যাপক কামরুল হাসান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে এসে তিনজনের হাতে মোবাইল ফোন দেখতে পান। পরে তার নির্দেশেই আমরা তাদের বহিষ্কার করেছি।
ইউএনও হিমাদ্রী খীসা বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম না মানায় তিনজনকে বহিষ্কার করা হয়েছে। সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে কাউকে ছাড় দেওয়া হবে না।
পড়ুন: গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও আন্তর্জাতিক পাচারবিরোধী দিবস পালিত
দেখুন: যশোরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় সভা
ইম/


