কুমিল্লায় ‘জুলাই শহীদদের’ স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
এ সময় জেলা প্রশাসক বলেন, “২০২৪ সালের ৪ আগস্ট এই এলাকায় ছাত্র ও জনতার ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়, সেই স্মৃতিকে ধরে রাখতে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস জানতে পারে, সেটিই আমাদের উদ্দেশ্য।”
তিনি আরও জানান, শহীদদের নাম স্মৃতিস্তম্ভে খোদাই করে রাখা হবে। পাশাপাশি যেসব স্থানে শহীদরা প্রাণ হারিয়েছেন, সেসব স্থানে ‘রোড মেমোরি স্ট্যান্ড’ নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। প্রতি বছর ৫ আগস্ট শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণসহ নানা কর্মসূচি পালিত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমদ খান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আলী নূর মোহাম্মদ বশির, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, কালচারাল অফিসার মো. ফয়েজ উল্লাহ, কেন্দ্রীয় এনসিপির সদস্য হাফছা জাহান, কুমিল্লা এনসিপি নেতা কাউসার আলম, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহির তাজওয়ার ওহি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল ইনস্টিটিউট কুমিল্লার সহকারী পরিচালক আল-আমিন। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি মাস্টার ট্রেইনার আবদুল্লাহ নোমান।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, স্মৃতিস্তম্ভটি কুমিল্লার গণতান্ত্রিক চেতনার একটি নতুন প্রতীক হয়ে উঠবে।
পড়ুন: রূপালী ব্যাংকের মালদহপট্টি শাখাটি ফুলবাড়ি বাসস্ট্যান্ডে স্থানান্তর
দেখুন: জরুরি ছাড়া বিমানবন্দর সড়ক ব্যবহার না করার অনুরোধ |
ইম/


