কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুলাল মিয়া (৪৫) নামে এক ওয়ার্কশপ মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুলের বিপরীতে মৃত হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলাল মিয়া কুমিল্লা মহানগরীর ২২ নম্বর ওয়ার্ড বড় দুর্গাপুর এলাকার মৃত আমির হোসেনের তৃতীয় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের মালিক ঢাকায় থাকায় দুলাল মিয়া শুধু তার নিজস্ব ওয়ার্কশপই নয়, একই ভবনের একতলা বাড়িটিও দেখাশোনা করতেন। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তিনি ওই বাড়ির এক ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া নিতে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
রাতভর খোঁজাখুঁজির পর রোববার সকালে স্বজনরা দুলাল মিয়ার দোকানে এসে পাশের বিশ্রাম কক্ষ থেকে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ সময় সেখানে থাকা ভাড়াটিয়া স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
সদর দক্ষিণ মডেল থানার এসআই মোস্তফা কামাল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে তাকে হত্যার পর ঘাতকরা পালিয়ে যায়। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
পড়ুন: মেহেরপুরে পল্লী বিদ্যুতের পোল চাপায় শ্রমিকের মৃত্যু
দেখুন: সাভারে ইয়ামিন হ*ত্যা: ১০ জনের বিরুদ্ধে পরওয়ানা
ইম/


