ঢাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল বাতাস জনজীবনে ভোগান্তি বাড়িয়েছে। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। শীত ও কুয়াশার প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবীরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের জন্য এই শীত আরও কষ্টকর হয়ে উঠেছে।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে ভোর ও সকালের দিকে দৃশ্যমানতা কম থাকায় চালকদের বাড়তি সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা গেছে।
ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে প্রয়োজনের তাগিদে যাদের বের হতে হয়েছে, তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীত সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, গত কয়েক দিন রাজধানীতে তীব্র শীত অনুভূত হলেও এখনো শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
পড়ুন: ওসমান হাদি স্মরণে দোয়া ও আধিপত্যবাদ বিরোধী খুতবার আহ্বান ইনকিলাব মঞ্চের
আর/


