কুয়েত থেকে বাংলাদেশে যাতায়াতকারী প্রবাসী ও ভ্রমণকারীদের জন্য সুখবর নিয়ে এলো কুয়েতের জনপ্রিয় বেসরকারি বিমান সংস্থা জাজিরা এয়ারওয়েজ। আগামী ১২ এপ্রিল থেকে সংস্থাটি কুয়েত ও ঢাকার মধ্যে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে। তবে এই ফ্লাইটগুলো সরাসরি কুয়েত বিমানবন্দর থেকে না ছেড়ে সৌদি আরবের দাম্মাম হয়ে পরিচালিত হবে।
জাজিরা এয়ারওয়েজের ঘোষণা অনুযায়ী, ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালিত হবে—যা প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই প্রক্রিয়ায় যাত্রীদের কুয়েত থেকে প্রথমে সড়কপথে দাম্মাম (সৌদি আরব) নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট পরিচালিত হবে।
মূলত আঞ্চলিক পরিস্থিতির কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে সীমিত থাকায়, জাজিরা এয়ারওয়েজ তাদের যাত্রীদের জন্য দাম্মাম ও কাইসুমাহ বিমানবন্দরকে বিকল্প হাব হিসেবে ব্যবহার করছে। যাত্রীদের কুয়েত থেকে বাসে করে দাম্মাম নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তারা সরাসরি ঢাকার ফ্লাইটে উঠতে পারবেন।
জাজিরা এয়ারওয়েজের সিইও বারাথান পাসুপতি জানান, কুয়েতে বসবাসরত বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর যাতায়াত সহজ করতে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই রুটে শুধু যাত্রী নয়, জরুরি পণ্য বা কার্গো পরিবহনের সুবিধাও থাকবে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, এই ফ্লাইটের মাধ্যমে প্রবাসীরা সংকটের এই সময়ে তাদের পরিবারের সাথে পুনরায় সংযোগ স্থাপনের সুযোগ পাবেন এবং এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
আগ্রহী যাত্রীরা জাজিরা এয়ারওয়েজের অফিশিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। তবে যাত্রীদের অবশ্যই সৌদি আরবে ট্রানজিট সংক্রান্ত প্রয়োজনীয় ভিসা এবং ভ্রমণ নির্দেশিকাগুলো এয়ারলাইন্স কর্তৃপক্ষ বা ট্রাভেল এজেন্টের কাছ থেকে অগ্রিম যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে
পড়ুন:‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই: সংসদে মন্ত্রী
দেখুন:ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ বাস উল্টে পড়লো পদ্মায়
ইমি/


