কুষ্টিয়া সদর উপজেলায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার(৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সানি শেখ সাগর (২৭)। তিনি চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম অভিযোগ করে বলেন,পূর্ব শত্রুতার জের ধরে ভাইয়ের বন্ধু প্রবালের ভাই ভিকি ও বিজয় ঘটনার আগে বেলা ১১টার দিকে আমাকে মারধর করে। মারধরের সময় তাঁরা হুমকি দিয়ে বলে,“তোর ভাইকে(সাগর) ডেকে নিয়ে আয়।” এরপর আমি সাগরকে খুঁজতে বের হন। কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তৌফিক আরো বলেন,ভাইয়ের সাথে তাদের কি নিয়ে দ্বন্দ্ব আমি তা জানি না। আমাকে মারলে ভাই ছুটে আসবে সেজন্য মেরেছে। আমি বলছি না এরাই আমার ভাইকে হত্যা করেছে। কিন্তু সকালে এদেরকে ধারালো অস্ত্র হাতে নিয়ে ঘুরতে দেখেছি।
নাম প্রকাশ না করা শর্তে হাসপাতালে নিয়ে আসা নিহত সাগরের দুইজন পরিচিত জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে পড়ে থাকতে দেখেন। তখন তারা মোটরসাইকেলে করে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম বলেন,হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে অসংখ্য কোপ দেওয়ার চিহ্ন রয়েছে। বিশেষ করে গলায় ক্ষত চিহ্ন বেশি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,ঘটনা জানতে পেরেছি। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
পড়ুন- শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
দেখুন- বাংকারে লাখ লাখ ইসরাইলি


