“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে সোমবার(১৮ আগষ্ট) সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ভিডিও প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে এক বর্ণাঢ্য র্যালী মৎস্য ভবন হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কালেক্টরেট চত্বরে শেষ হয়। এরপর পুকুরে পোনা অবমুক্ত করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম।
মৎস্য কর্মকর্তা গৌতম কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মো. ফয়সাল মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতের উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকউল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ, মৎস্যজীবি প্রতিনিধি মিলন আহম্মেদ ও মতিয়ার রহমান।
প্রধান অতিথি বলেন,”মৎস্য সম্পদ রক্ষা ও দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। মাছ চাষের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। এ খাতে যুবকদের সম্পৃক্ত করতে হবে বলে জানান তিনি।
আলোচনা সভা শেষে জেলার ৭ খামারিকে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
পড়ুন : কুষ্টিয়ায় বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করলেন কার্ডিয়াক বিশেষজ্ঞ টিম


