কুষ্টিয়া-৩(সদর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা একটার দিকে সদর উপজেলার চৌড়হাস মোড় ও মতি মিয়া রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আরিফুল ইসলাম জানান, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী প্রকাশ্য স্থানে পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শন নিষিদ্ধ। অভিযানে দেখা যায়, কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পোস্টার ও ক্যালেন্ডার বিভিন্ন দোকানে টাঙানো রয়েছে,যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। এ সময় ক্যালেন্ডার প্রদর্শনের দায়ে হাশু নামে একজনকে ৫ হাজার এবং শরিফুর হক নামে অন্যজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে পোস্টার ও ক্যালেন্ডার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্যালেন্ডার প্রদর্শনের অভিযোগে জরিমানা করায় ক্ষােভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন, এক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছেন। দোকানের ভেতরে ক্যালেন্ডার কেউ লাগালে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি তো আর প্রচার প্রচারণায় নামেননি।
তাদের অভিযোগ সদর আসনের বিভিন্ন জায়গায় জামায়াত সমর্থিত প্রার্থী মুফতি আমির হামজার পোষ্টার এখনও দৃশ্যমান থাকলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বলেন, নির্দেশনা পাওয়ার পর অনেক আগেই নির্বাচনী এলাকা থেকে জাকির ভাইয়ের কর্মীরা সকল পোষ্টার নিজ দায়িত্বে অপসারণ করেছেন। যাকে জরিমানা করা হয়েছে ওই ব্যক্তি নিজ উদ্যোগে দোকানের ভেতরে ক্যালেন্ডার লাগিয়েছিলেন। তিনি তো আর প্রচার প্রচারণায় নামেননি। তাই এটাকে আমরা আচরণবিধি লঙ্ঘন দেখছি না। অথচ খােঁজ নিয়ে দেখেন আমির হামজার পোষ্টার সব জায়গায় রয়েছে। তাহলে বিষয়টি বিতর্ক হয়ে গেল না। প্রশাসন একদিকে ঝুঁকে গেলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চত হবে কেমন করে। একই বক্তব্য দিয়েছেন বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও।
এ বিষয়ে কুষ্টিয়া-৩(সদর) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার নাগরিক টেলিভিশনকে বলেন,নির্বাচন কমিশনের সকল আচরণবিধি মেনেই কাজ করছি। ক্যালেন্ডারে ছবি থাকলে সেটা আচরণ বিধি লঙ্ঘন হয় বলে আমি মনে করিনা। আশা করি ভোটের মাঠে আইন সবার জন্যই সমান হবে।
পড়ুন : কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহযোগী নিহত


