কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় হোসেন(১৫) নামে এক ব্যাটারি চালিত ভ্যান চালকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার(১৮ আগষ্ট) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ এলাকার পদ্মার চর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহত হৃদয় হোসেন কুমারখালী উপজেলার এলোঙ্গি এলাকার ইউনুস আলীর ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রোববার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়। রাতে বাড়ি না ফিরলে পরিবারেরর সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেও তার সন্ধান মেলেনি। সোমবার সকালে স্থানীয়রা পদ্মার চরে একটি জবাই করা লাশ পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেই। পরে হৃদয়ের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।
নিহতের বাবা ইউনুস আলী জানান, বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় হৃদয়। বাবার দাবি ভ্যান ছিনতাইয়ের উদ্দেশে হত্যা করা হয় তার ছেলেকে।
এবিষয়ে আমিরুল ইসলাম বলেন, জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্যান উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পড়ুন: কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু
দেখুন: মাদারীপুরে সাধুদের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের অভিযোগ
ইম/


