কুষ্টিয়া সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল রবিবার দিবাগত রাত দুইটার দিকে কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
আটক যুবকের নাম মাসুম আহমেদ (৩৪)। তিনি একই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। পুলিশ সূত্র জানায়,বিদেশি ও দেশীয় অস্ত্র মজুত রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে মাসুমের বসতবাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় মাসুমকে আটকের পর জিজ্ঞাসাবাদ ও বাড়ি তল্লাসী করে বিদেশি পিস্তল,ম্যাগাজিন,দুই রাউন্ড পিস্তলের গুলি, তলোয়ার ও চাপাতি উদ্ধার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন মাতুব্বর সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীর বিরুদ্ধে পূর্বেও আরো মামলা রয়েছে।


