সরকারি কৃষি প্রণোদনা বিতরণে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারের দেওয়া এসব সুবিধা যেন কেবল প্রকৃত কৃষকরাই পান, তা নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রণোদনা কোনোভাবেই রাজনৈতিক প্রভাবের শিকার হওয়া উচিত নয়। প্রকৃত কৃষকদের হাতে এই সুবিধা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, তালিকা প্রণয়ন থেকে শুরু করে বিতরণের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে হবে যেন কোনো প্রান্তিক কৃষক বঞ্চিত না হন।
বর্তমান মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির আওতায় সারা দেশের মতো কুলিয়ারচরেও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন, আউশ ধান ও পাট চাষ বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৭০০ কৃষককে এই সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৮০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। ১ হাজার ৯০০ কৃষককে জনপ্রতি ১ কেজি করে উন্নতমানের তোষা পাটের বীজ দেওয়া হচ্ছে।অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও কৃষি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রতিমন্ত্রী নিজ হাতে স্থানীয় কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সারের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পড়ুন- বেশি দামে তেল কিনতে হচ্ছে, দাম বাড়ানোর কথা ভাবছে সরকার : অর্থমন্ত্রী
দেখুন- হরমুজ প্রণালী খোলার পরও বিশ্বের তেলবাজারে অস্থিরতা থাকবে?


