কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।
আজ সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আবুল কালাম আজাদ বলেন, ‘সরকার শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সে সিদ্ধান্ত ইতোমধ্যে জানানো হয়েছে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের এ মুহূর্তে কোনো ইচ্ছে নেই।’
রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে তিনি বলেন, ‘এটা নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান কথা বলেছেন। রাষ্ট্রপতি ইস্যু রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সমাধান করা হবে। ‘
তিনি আরও বলেন, ‘গণভবনকে জাদুঘর করার পাশাপাশি আয়নাঘরের একটা রেপ্লিকাও এখানে করা হবে।’


