খাগড়াছড়ির রামগড়ে শান্তি-সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবির ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
সকালে রামগড়ের দুর্গম ও প্রত্যন্ত গরুকাটা এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করাসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।
এসময় মানবিক সহায়তার অংশ হিসেবে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়া বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসুস্থ মানুষকে সেবা দেয়া হয়।
বিজিবির ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, ‘বিজিবি সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সহায়তার ক্ষেত্রেও রামগড় ব্যাটালিয়নের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’


