দীর্ঘ চার মাস চিকিৎসা ও রাজনৈতিক সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানানো হয়েছে।
এরপর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন।
সরেজমিনে দেখা যায়, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশেরও ব্যাপক তৎপরতা দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে রাজধানীতে বিভিন্ন স্থানজুড়ে দলীয় নেতাকর্মীদের অবস্থান ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত এলাকায়। ছাত্রদল থাকবে লো মেরিডিয়েন থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল খিলক্ষেত থেকে হোটেল র্যাডিসন পর্যন্ত এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে র্যাডিসন হোটেল থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত এলাকায়।

স্বেচ্ছাসেবক দল থাকবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত, শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত এবং ওলামা দল, তাঁতী দল, জাসাস ও মৎস্যজীবী দল থাকবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত এলাকায়। পেশাজীবী সংগঠনগুলো গুলশান-২ পর্যন্ত এবং মহিলা দল গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান নেবে।
দলীয় নেতাকর্মীদের এই সুসংগঠিত প্রস্তুতির মধ্য দিয়ে খালেদা জিয়ার আগমনের দিনটি দলীয়ভাবে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখছে বিএনপি। অনেকের মতে, এটি দলের ভবিষ্যৎ আন্দোলনের জন্য নতুন উদ্দীপনার সৃষ্টি করবে।
প্রসঙ্গত, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে তিনি লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন। তার শারীরিক অবস্থার কথা জানার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যাত্রার জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠান। সেই একই এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি এখন দেশে ফিরছেন।
পড়ুন: খালেদা জিয়া ঢাকায় নামবেন সকাল সাড়ে ১০টায়, স্বাগত জানাবেন নেতাকর্মীরা
দেখুন: দেশের পথে খালেদা জিয়া, স্বাগত জানাবেন নেতা-কর্মীরা |
ইম/


