খুলনায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার ছয়টি সংসদীয় আসনের সবকটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সকাল থেকেই নগর ও উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনেক কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে।
খুলনা জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৪০টি। জেলার মোট ভোটার সংখ্যা প্রায় ২১ লাখের বেশি। এর মধ্যে নারী ভোটার সামান্য বেশি। ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি র্যাব, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল টিম মাঠে দায়িত্ব পালন করছেন।
খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পড়ুন- ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ, বন্ধ হয়নি কোনো কেন্দ্র : ইসি


