খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাশিকুল আলম রাশু নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানায়, রাশু রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ রাশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা গুলি করে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ত্যাগ করে পালিয়ে যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। অপরাধীদের খুঁজে গ্রেফতার করতে আমরা তৎপর রয়েছি।


