ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বুধবার দুপুর থেকে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিচ্ছেন।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রভিত্তিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। ছয়টি সংসদীয় আসনের প্রিজাইডিং অফিসাররা নির্ধারিত সময় অনুযায়ী ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ফরম ও অন্যান্য উপকরণ গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে রওনা দিচ্ছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনার ৮৪০টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। নির্বাচনের আগের দিনই সব কেন্দ্র প্রস্তুত করা হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জানান, নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে চলছে। প্রিজাইডিং অফিসাররা প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিয়ে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্রে যাচ্ছেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, কেন্দ্রগুলোর নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পড়ুন- ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম, সড়ক-মহাসড়কে নজরদারি জোরদার


