খুলনা মহানগরের ডাকবাংলো মোড়ে বাটা জুতার শো রুমে ঢুকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক নেতা ও ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদেশি অস্ত্রসহ অসোক ঘোষ (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত হঠাৎ করে বাটা শো রুমের ভেতরে ঢুকে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাকবাংলো মোড়ে দায়িত্ব পালনরত খুলনা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মাহমুদ আলম জানান, “আমি মোড়ে ডিউটি করছিলাম। হঠাৎ দেখি এক ব্যক্তি দ্রুত হেঁটে যাচ্ছে এবং কোমরে অস্ত্র গুঁজে রাখার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তাকে জাপটে ধরি। আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “অসোক ঘোষ নামে এক ব্যক্তিকে একটি বিদেশি অস্ত্রসহ আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় ৭-৮ জন ব্যক্তি জড়িত ছিল। আমরা তদন্ত শুরু করেছি। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
পড়ুন : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা


