খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ইমদাদুল হক মিলন (৪৫) ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেসক্লাবের সভাপতি ছিলেন। একই ঘটনায় দেবাশীষ নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ডুমুরিয়ার শলুয়া বাজার এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইমদাদুল হক মিলন শলুয়া বাজারে অবস্থিত জনতা ব্যাংকের পাশে চায়ের দোকানে বসে ছিলেন। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে দুইটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিলন ‘খুলনার বর্তমান সময়’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছিলেন নিহত মিলন শলুয়া এলাকার বাসিন্দা মো. বজলুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

