খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ইমদাদুল হক মিলন (৪৫) ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেসক্লাবের সভাপতি ছিলেন। একই ঘটনায় দেবাশীষ নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ডুমুরিয়ার শলুয়া বাজার এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
নিহত মিলন শলুয়া এলাকার বাসিন্দা মো. বজলুর রহমানের ছেলে। তিনি ‘খুলনার বর্তমান সময়’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পড়ুন : খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় গুলিতে নিহত ২


