ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি সংসদীয় আসনে নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৬। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিয়মিত টহল, চেকপোস্ট ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাব-৬ -এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম বলেছেন, “৮ ফেব্রুয়ারি থেকে খুলনার ছয়টি আসনে মোট ১২টি টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছে। এ কার্যক্রম আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।”
তিনি জানান, বিভিন্ন ভোটকেন্দ্র ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সহিংসতা বা নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মেজর নাজমুল ইসলাম বলেন, “সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।”
নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। ভোটাররা যাতে ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র্যাব-৬ সতর্ক অবস্থানে রয়েছে।
র্যাব-৬ এর উপ-অধিনায়ক আরও বলেন, “সবার সমন্বয় ও আন্তরিক প্রচেষ্টা থাকলে নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”
খুলনার ছয়টি আসনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পড়ুন- ঠাকুরগাঁওয়ে নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিওসি’র ভোটকেন্দ্র পরিদর্শন


