21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৩:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনার আলোচিত জোড়া খুনের ঘটনায় অবশেষে মামলা, বাদী পুলিশ

আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ঘটে যাওয়া হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন হত্যাকাণ্ডের পর ৭২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও নিহত দুই পরিবারের কেউই থানায় অভিযোগ জানায়নি। শেষ পর্যন্ত বুধবার বিকেলে খুলনা থানার এসআই আমিনুল ইসলাম নিজেই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, “পরিবারগুলো মামলা না করায় এসআই আমিনুল ইসলাম সরকারি বাদী হিসেবে মামলা করেন।” মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মোঃ মিয়ারব হোসেনকে।

ঘটনার এজাহারে বলা হয়, ৩০ নভেম্বর আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে সার্কিট হাউজ মেইন গেটের বিপরীত দিকে পৌঁছালে অজ্ঞাতনামা ১৫–১৬ জন দুর্বৃত্ত ওৎ পেতে তাদের ওপর গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি মোটরসাইকেল, একটি ধারালো অস্ত্র (চা-পাতি), গুলির কার্তুজ ও ফায়ারকৃত কার্তুজের অংশ উদ্ধার করে।

এসআই আব্দুল হাই আরও জানান, নিহত হাসিব ও রাজন খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সহযোগী ছিলেন। এ ঘটনায় অপর শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবু’র সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। হত্যাকাণ্ডটি কেন ঘটেছে—তা জানতে পুলিশ চারটি সম্ভাব্য কারণ সামনে রেখে তদন্ত পরিচালনা করছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, “জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় কোন মামলা দায়ের করেনি। ৭২ ঘণ্টার অধিক সময় অপেক্ষা করার পর উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেই এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।”

বিজ্ঞাপন

পড়ুন : খুলনা-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন কৃষ্ণ নন্দী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন