খুলনার জোড়াগেট পার্শ্ববর্তী ৪ ও ৫ নম্বর ঘাট সংলগ্ন রেলওয়ের বস্তি এলাকায় মাদক বেচাকেনা হয় নিয়মিত। এ ছাড়া সন্ত্রাসীরাও সেখানে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান পরিচালনা করে পুরো বস্তি এলাকায়। প্রায় ৩ ঘণ্টা ধরে বস্তি এলাকার বিভিন্ন দোকান ও বাসায় পুলিশ তল্লাশি চালায়।
তল্লাশিকালে বিভিন্ন অভিযোগে চারজনকে গ্রেফতার করে খুলনা সদর থানা পুলিশ।
তারা হলেন: জালাল হাওলাদার (৫০), আবু তালেব মোল্লা (৬৫), মাফিজা বেগম (৪০) এবং ইমরান (২০)।
আটকদের খুলনা সদর থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে। একই অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ আলেয়া বেগম (৪৬) নামে এক নারীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘নগরীর আইনশৃঙ্খলা রক্ষার্থে ও শারদীয় পূজাকে সামনে রেখে পুলিশের বিশেষ অভিযান ছিলো এটি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিও আছে কয়েকজন। যাচাই-বাছাই করে গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম বলেন, ‘ওই বস্তি এলাকায় নিয়মিত মাদক বেচাকেনা হয়, এমন অভিযোগ ছিলো পুলিশের কাছে। অভিযোগ, তথ্য ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযান নিয়মিত চলবে।
পড়ুন: গাংনী বাজারে পাটজাত মোড়ক আইন লঙ্ঘনে দুই ব্যবসায়ীর জরিমানা
দেখুন: ‘জলাবদ্ধ শহর নোয়াখালী: দখলের ফাঁদে শতাধিক খাল’ |
ইম/


